ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ১৯ নম্বর ঢালচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মো. জাহাঙ্গীর হোসেন মাতব্বর। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় মানুষের সঙ্গে সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে ঢালচর ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান তিনি। মো. জাহাঙ্গীর হোসেন মাতব্বরের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি এরআগে ঢালচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে বিএনপির সভাপতির দায়িত্বও পালন করে আসছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনি। এরআগেও তিনি ২০১৬ সালে নির্বাচনে অংশ নিয়েছেন। ঢালচর ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়নটি দ্বীপাঞ্চল হওয়ায় এখানকার মানুষের কাছে যোগাযোগব্যবস্থা, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, নদীভাঙন প্রতিরোধ ও কর্মসংস্থানের সুযোগ গুরুত্বপূর্ণ বিষয়। এসব ক্ষেত্রে কার্যকর উন্নয়ন ও জনবান্ধব সেবা চান তারা। তাদের মধ্যে অনেকেই মনে করেন, ইউনিয়নের নেতৃত্বে যিনি আসবেন, তাঁর কাছে সবচেয়ে বড় প্রত্যাশা থাকবে মানুষের কাছে থাকা এবং এলাকার বাস্তব সমস্যাগুলোকে অগ্রাধিকার দেওয়া। জনপ্রতিনিধির সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ ও দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়টিকেও তারা গুরুত্ব দেন। তারা আরও জানান, নির্বাচনে যে-ই চেয়ারম্যান নির্বাচিত হন, তাঁর কাছে ঢালচরের যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নদীভাঙনসহ দ্বীপাঞ্চলের বিশেষ সমস্যাগুলো মোকাবিলায় কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন তারা। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জাহাঙ্গীর হোসেন মাতব্বরের সঙ্গে কথা হলে তিনি বলেন, মানুষের সুখে-দুঃখে আগেও পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। সুযোগ পেলে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নদীভাঙন ও অবকাঠামোগত উন্নয়নসহ ঢালচরের মানুষের প্রয়োজনীয় বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করব। দল-মত-নির্বিশেষে সবার পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব। এ জন্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।