গত ৭ নভেম্বর ২০২৬ তারিখে দৈনিক মানবজমিন পত্রিকায় আমাকে জড়িয়ে প্রকাশিত একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। ওই সংবাদে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর ও হয়রানিমূলক। দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে আমাকে জড়িয়ে ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে আসছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকাশিত সংবাদে মোহাম্মদপুরের জমি দখলের যে অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে আমার বক্তব্য হলো, উক্ত জমি আমাদের দলিলমূলে মালিকানাধীন সম্পত্তি। দীর্ঘদিন ধরে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতা আলম হোসেন আমাদের ওই জমি দখল করে রেখেছিলেন। গত ২৬ সেপ্টেম্বর আমি ও আমার অংশীদাররা জমিটি দখলমুক্ত করি। এ বিষয়ে প্রকৃত ঘটনা তুলে ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে।
অন্যদিকে, দক্ষিণ আইচায় জমি দখলসংক্রান্ত অভিযোগও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে, দক্ষিণ আইচা মৌজায় বেড়িবাঁধের বাইরে জেগে ওঠা চরাঞ্চলের প্রায় ৩০০ একর জমি ১৯৯৭ সালের নীতিমালা অনুযায়ী ১৯৯৯-২০০০ থেকে ২০০৫-২০০৬ অর্থবছরের মধ্যে স্থানীয় প্রকৃত ভূমিহীনদের নামে সরকারি বরাদ্দ দেওয়ার প্রক্রিয়ায় আমি সার্বিক সহযোগিতা করেছি। এ উদ্যোগের ফলে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করি। এরই ধারাবাহিকতায় ২০১১ সালে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে ৯ নং চরমানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই।
প্রকৃতপক্ষে, বজলুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে ভোলার বিভিন্ন মৌজা থেকে প্রায় ছয় হাজার সদস্য সংগ্রহ করে একটি সমিতির মাধ্যমে জমি বরাদ্দ দেওয়ার আশ্বাসে প্রতারণার অভিযোগ রয়েছে। আমি স্থানীয় প্রকৃত ভূমিহীনদের স্বার্থ রক্ষায় অবস্থান নেওয়ায় বজলুর রহমান ও তাঁর সহযোগীরা বিভিন্ন সময়ে আমার বিরুদ্ধে পত্রপত্রিকায় অপপ্রচার, সরকারি দপ্তরে অভিযোগ এবং মামলা-মোকদ্দমা করেছেন।
আগামী নির্বাচনকে সামনে রেখে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে লালমোহনের বজলুর রহমান কর্তৃক বিভিন্ন সরকারি দপ্তরে দায়ের করা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগগুলোর সঙ্গে একাত্মতা পোষণ করে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারে লিপ্ত রয়েছেন। মূলত রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করা এবং আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করাই এ ধরনের অপপ্রচারের উদ্দেশ্য বলে আমার ধারণা।
আমি স্পষ্টভাবে বলতে চাই, দৈনিক মানবজমিনে প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে আমার সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। তাই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি প্রকৃত ঘটনা ও তথ্য-উপাত্ত যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানাচ্ছি।
প্রতিবাদকারী
মো. রেজাউল করিম খন্দকার
সাবেক চেয়ারম্যান
৯ নং চরমানিকা ইউনিয়ন পরিষদ
চরফ্যাশন, ভোলা।